
ঢাকা–২০ (ধামরাই) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন—নিজেকে সময় না দিয়ে ধামরাইয়ের মানুষকে সময় ও সেবা দিতে হবে।
শপথ গ্রহণের পরদিন বুধবার তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে ধামরাই উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব ও সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা জানাতে আগতদের ভিড় দেখে তিনি বলেন, “আমাকে সময় দিতে হবে না, ধামরাইয়ের মানুষকে সময় ও সেবা দিন।”
পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। অযথা ভিড় না করে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং রাজনীতিকে জনসেবামুখী রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে তিনি একটি সাধারণ অটোরিকশায় করে স্থান ত্যাগ করেন। তার সঙ্গে কোনো পুলিশ প্রটোকল বা বিশেষ নিরাপত্তা বাহিনী দেখা যায়নি—যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে।
দায়িত্ব গ্রহণের শুরুতেই জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার এ বার্তা ধামরাইয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।